বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়। দেশের সবকটি জেলা ও রেঞ্জের পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে সদর দপ্তর।
পুলিশের সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে এই বোমা হামলার আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিটি জেলায় বিশেষ করে রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
সদর দপ্তরের পক্ষ থেকে বেতার বার্তার মাধ্যমে সারা দেশের পুলিশ ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিট প্রধানদের আলাদাভাবে ম্যাসেজ পাঠিয়েও বিষয়টি জানানো হয়েছে। দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

