আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই বৈরী আবহাওয়া আগামী দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। বৃষ্টির প্রভাবে নগরজুড়ে ব্যাপক জলাবদ্ধতা ও তীব্র যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক এবং সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এই পূর্বাভাসের তথ্য জানিয়েছেন। তার বিশ্লেষণ অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টি বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে, ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ভোর থেকেই চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং বরিশাল বিভাগের সব জেলার ওপর দিয়েও একই ধরনের আবহাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

