স্বাস্থ্য খাতে এক পয়সাও দুর্নীতি বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের ৩২তম ডিএনএমসি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তিনি স্পষ্ট করে জানান, স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত বাজেটের প্রতিটি পয়সা জনগণের সেবায় স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হবে। দুর্নীতির বিন্দুমাত্র আলামত পাওয়া গেলে, সংশ্লিষ্ট ব্যক্তি যত বড় ক্ষমতাধরই হোন না কেন, সরকার তাকে এক মুহূর্তের জন্যও প্রশ্রয় দেবে না। তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে ড. মুহিত বলেন, ওই সময়ে স্বাস্থ্য খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে টানা ১২ বছর আয়কর দেওয়া হয়নি এবং সেই অর্থও লুটপাট হয়েছে। বর্তমান সরকার ও নতুন গভর্নিং বডি দায়িত্ব নেওয়ার পর এখন সেই পুঞ্জীভূত দায় শোধ করছে।

তিনি আরও বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো খাতেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। চব্বিশের গণ-আকাঙ্ক্ষার পরিবর্তনের পথ ধরেই সরকার স্বাস্থ্য খাত পুনর্গঠন করছে। জনগণের কষ্টার্জিত বাজেটের অর্থ নতুন ডাক্তার ও নার্স নিয়োগ এবং সাধারণ ও দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে ওষুধ ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার কাজেই ব্যয় করা হবে বলে তিনি নিশ্চয়তা দেন।