নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন এবং আগের তিন মাসের বকেয়া পাওনা পরিশোধের জন্য ব্যাংক খাত থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই অর্থ সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম আহ্বান করেছে। আগামী ১ নভেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বকেয়া পরিশোধের কথা রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বণিক বার্তার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাধারণত সরকারের স্বল্পমেয়াদি অর্থের চাহিদা মেটানোর জন্য ৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিল ইস্যু করা হয়। তবে রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে সাময়িক ঘাটতি দেখা দিলে সরকার ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদানের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হওয়ায় এই বিশেষ ট্রেজারি বিলের নিলাম আহ্বান করা হয়েছে।

