দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে ‘নিপ্পন এআই ডো জো ২০২৬’-এর প্রকল্প উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এই আশ্বাস দেন।
তরুণদের ব্যবহারিক দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রযুক্তিভিত্তিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। আয়োজনে ইউএপি, জাপানের চোয়া জিকেন কর্পোরেশন এবং এআই সামুরাই জাপান যৌথভাবে অংশ নেয়।
জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বমানের প্রযুক্তির পাশাপাশি নিজস্ব বাস্তব চাহিদা অনুযায়ী এআই প্ল্যাটফর্ম, ডেটাসেট ও প্রোগ্রামিং তৈরিতে তরুণদের গবেষণার গভীরতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, সরকার নীতিগত সমর্থন দেবে, তবে প্রযুক্তির সঠিক প্রয়োগের পথনকশা ও কার্যকর সমাধান প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছ থেকেই আসতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো প্রতিটি অর্থনৈতিক খাতে এআই বড় ধরনের রূপান্তর আনছে।
তবে উচ্চবিলাসী পরিকল্পনার পাশাপাশি স্থানীয় অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, কেবল বিদেশের এআই টুল ব্যবহারের দক্ষতা অর্জনই যথেষ্ট নয়; বরং দেশের জন্য উপযোগী প্ল্যাটফর্ম ও ডেটাসেট তৈরি করতে হবে। এক্ষেত্রে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন, জিপিইউ চালনার সক্ষমতা এবং সমৃদ্ধ বাংলা ডেটাসেটের অভাবের মতো মৌলিক চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে। তিনি প্রযুক্তিবিদ তরুণদের গবেষণার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জাপানের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাপনী পর্বে ইউএপি, ব্র্যাক ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রশিক্ষণার্থীরা তাদের বাস্তবমুখী এআই প্রকল্পগুলো উপস্থাপন করেন এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাদের সনদ প্রদান করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে ‘নিপ্পন এআই ডো জো ২০২৬’-এর প্রকল্প উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।

