পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি হারের সুপারিশ তৈরির লক্ষ্যে ডাকা ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এই সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে সভাটি স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পূর্বনির্ধারিত এই বৈঠকে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিলেন। সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবসের সময় দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে বিজিএমইএ জানিয়েছিল।

তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক শিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

উল্লেখ্য, চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা কার্যকর হয় পরের মাসে। সেই মজুরি কাঠামো অনুযায়ী বর্তমান মেয়াদের শেষ সময় চলতি নভেম্বর মাস। ২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যা ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি।