বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারকে অনেকটা বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট প্রতিদিন নতুন মাত্রা যোগ করছে, যার ফলে দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে অন্য কোনো বিকল্প ছিল না।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ভর্তুকি দিতে গিয়ে প্রতিষ্ঠানটি ২২ হাজার কোটি টাকারও বেশি লোকসানের সম্মুখীন হয়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী ডিজেলের দাম ২০৫ টাকা হলেও, দাম বাড়ানোর পরেও সরকারকে এখনো লিটারপ্রতি ৭০ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি অব্যাহত থাকলে দেশের অন্যান্য সহায়তা বা ভাতা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ত।

পাশাপাশি দেশ থেকে জ্বালানি তেল পাচারের ঝুঁকি এড়াতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল।

সরকার এই সিদ্ধান্তের অভিঘাত যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবে বলে আশ্বস্ত করেছেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বাসের ভাড়া যেন যৌক্তিকভাবে বৃদ্ধি পায়, সেটি নিয়মিত মনিটরিং করা হবে এবং যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়কে ভাড়া সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি অস্থিতিশীলতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরলে পুনরায় দাম সমন্বয় করা হবে বলে তিনি জানান।