প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ০১। পেট্রোল ও ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সরকারের আকস্মিক সিদ্ধান্তের জেরে বরিশালের সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত রোববার রাতে এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেটিজেনরা সোচ্চার হয়ে ওঠেন। বিশেষ করে বাইকারসহ সাধারণ মানুষ বিএনপি সরকারের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না। পরিস্থিতির উন্নতির জন্য সব মহল থেকে দ্রুত দাম কমানোর দাবি জানানো হয়েছে।
সোমবার সকাল থেকেই বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশন ও গণপরিবহনগুলোতে ক্রেতা ও চালকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাড়তি ভাড়া আদায়কে কেন্দ্র করে দূরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটের থ্রি-হুইলারগুলোতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
বিএনপি সরকার গঠনের পর এটি জ্বালানি তেলের তৃতীয় দফার মূল্যবৃদ্ধি, যাকে অনেকেই হঠকারী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। বিষয়টি নিয়ে শুধু বিরোধী দলের নেতাকর্মী বা সমর্থকরাই নন, সরকারি দল বিএনপির অনেক নেতাকর্মীও অস্বস্তিতে রয়েছেন। তাদের মতে, এভাবে দাম বাড়ানোয় জনদুর্ভোগ চরমে পৌঁছাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা প্রতি লিটার করা হয়েছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।
গত ২১ সেপ্টেম্বর রোববার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হলেও আগের দরে তেল কিনতে সন্ধ্যার পর থেকেই বরিশালের ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের উপচে পড়া ভিড় ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই সিদ্ধান্তকে সরকারবিরোধী আন্দোলনে ‘ঘি ঢালার’ মতো কাজ হিসেবে মন্তব্য করেছেন।
পরিবহন মালিক-শ্রমিকরাও এই মূল্যবৃদ্ধিতে চরম নাখোশ। বরিশাল-ঢাকা রুটের বিএমএফ পরিবহনের অন্যতম মালিক জিয়াউল হক জানান, তেলের দাম বাড়লেও ভাড়া বাড়ানোর সক্ষমতা তাদের নেই, কারণ সাধারণ মানুষের বাড়তি ভাড়া দেওয়ার সামর্থ্য কমে গেছে। অন্যদিকে, বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, মানুষ আন্তর্জাতিক বাজারের দরের চেয়ে সহজ মূল্যে তেল চায়। বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান সতর্ক করে বলেন, দ্রুত দাম কমানো না হলে জিনিসপত্রের দাম বেড়ে সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে।

