প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ফুওয়াং ক্লাবে যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩ অক্টোবর) বিকালে এই অভিযান শুরু হয়। ক্লাব ও বারটির মালিক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম।
তবে শনিবারের এই অভিযানের কারণ বা ক্লাবটি থেকে কী উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এর আগে ২০১৯ সালেও দীর্ঘ দিন ধরে জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে এই ক্লাবে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফুওয়াং ক্লাবে অভিযানের আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালানো হয়। শুল্কমুক্ত মদ অবৈধভাবে মজুত করার অভিযোগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে ওই অভিযান চালায়। সেই অভিযানে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের দুটি বৈধসহ মোট চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছিল।

