প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসের মালামাল, গ্যাস সিলিন্ডার ও ট্রাঙ্ক চুরির অভিযোগে প্রতিষ্ঠানের সাবেক সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আশরাফুল মামুনের (৪০) বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়েছে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে ট্রাস্টের বর্তমান সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রেজওয়ানা আক্তার জাহান বাদী হয়ে পেনাল কোডের ৩৮১ ধারায় কর্মচারী কর্তৃক চুরির অভিযোগে এই মামলাটি দায়ের করেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত আশরাফুল মামুনকে গ্রেফতার করেছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৬ আগস্ট আশরাফুল মামুনকে সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে অনুমতি ছাড়াই অফিসের মালামাল সরিয়ে নেন। ঘটনার ধারাবাহিকতায় জানা যায়, ২৫ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে দফায় দফায় মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ জুলাই একটি কাভার্ড ভ্যানে করে চারটি গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়া হয়। এরপর ৮ আগস্ট সকাল ৬টা ১৫ মিনিটে ট্রাস্টের অফিসিয়াল গাড়িতে (ঢাকা মেট্রো চ-১০-১৭০১) করে তিনি নিজের ঠিকানায় যান এবং দুপুর পৌনে ২টায় পুনরায় অফিসে এসে বড় চারটি বস্তা ও ব্যাগভর্তি মালামাল গাড়িতে তুলে নিয়ে যান।
এ ছাড়া ১১ আগস্ট বিকাল ৫টার দিকে চুরির কাজে ব্যবহৃত ট্রাঙ্কটি অফিসের করিডর থেকে ট্রাস্টের ড্রাইভার শামীম মৃধার মাধ্যমে ময়মনসিংহে নিজের বাসায় পাঠিয়ে দেওয়ার বিষয়টি আনসার সদস্য মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ১৩ আগস্ট ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭৬) করা হয়েছিল, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এরশাদ উল্লাহ মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন।

