গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সেখানে বেড়ে ওঠার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ এবং লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। একপর্যায়ে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্বও গ্রহণ করেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন প্রশ্ন উঠেছে, তিনি বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ২৩ ফেব্রুয়ারি তিনি তার সাধারণ পাসপোর্ট (সবুজ) জমা দেন এবং সরকারি বা কূটনৈতিক পাসপোর্ট (লাল) সংগ্রহ করেন। সেই মাসেই লাল পাসপোর্ট ব্যবহার করে তিনি প্রথম সৌদি আরব সফর করেন। গত ছয় মাসে তিনি সরকারি পাসপোর্ট নিয়ে তিনি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, ভারত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস ও ফিলিপাইনসহ অন্তত ১১ বার বিদেশ সফর করেছেন।
যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন যে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক। তবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ (রিনাউন্স) করেছেন কি না, তা তারা নিশ্চিত করতে পারেননি। সরকারি সূত্রগুলোও জানিয়েছে, নাগরিকত্ব ত্যাগের আবেদন জানিয়ে হুমায়ুন কবির চিঠি দিয়েছেন—এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এ বিষয়ে মন্তব্য জানতে গত শনিবার একাধিকবার ফোন করা হলেও প্রতিমন্ত্রীকে পাওয়া যায়নি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকেও কোনো সাড়া মেলেনি।
বাংলাদেশের সংবিধানের ৫৬ ধারায় বলা আছে, সংসদ সদস্য নন এমন অনধিক এক-দশমাংশ ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী করা যাবে, তবে তাদের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্য নন, এমন ‘অনধিক এক-দশমাংশ’ (১০ জনের মধ্যে সর্বোচ্চ ১ জনকে) ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী করা যায়। সংবিধানের ৬৬ ধারার ২(গ) অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া জানান, বিদেশি নাগরিকত্ব থাকলে প্রতিমন্ত্রী হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, হুমায়ুন কবির নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না বা আবেদন করেছেন কি না, তা জাতি জানে না। এছাড়া আবেদন করলেই নাগরিকত্ব ত্যাগ হয় না, সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হতে হয়।
উল্লেখ্য, হুমায়ুন কবির যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস, ইউনিভার্সিটি অব কেমব্রিজ ও লিডস ল স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি লন্ডনে মেয়রের দপ্তরসহ ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করেছেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত হুমায়ুন কবির লেবার পার্টির বেথনাল গ্রিন অ্যান্ড বো শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হন। এর আগে বিভিন্ন নির্বাচনে বিদেশি নাগরিকত্ব ত্যাগের আবেদন করে প্রার্থী হওয়ার নজির রয়েছে। যেমন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এছাড়া ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল এবং ওই নির্বাচনে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের নেদারল্যান্ডসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়।

