চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং পৌরসভাসহ মোট ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর এবং রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় মৌলভীবাজারের সামগ্রিক উন্নয়নের বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই পর্যটন নগরীর উন্নয়নের জন্য সরকার ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে। জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে বর্তমান সরকার সমন্বিত পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

