ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি অত্যন্ত দক্ষভাবে পরিচালনা করায় সরকারের অপচয় উল্লেখযোগ্য হারে কমেছে। এই প্রকল্পের পাইলট প্রজেক্টে ভুলের হার মাত্র ১ দশমিক ২ শতাংশ, যা অত্যন্ত নগণ্য। তিনি আরও বলেন, সঠিক বিতরণ ব্যবস্থা নিশ্চিত না থাকলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে, যা এই প্রকল্পের ক্ষেত্রে সফলভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।
সরকারের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদারিত্ব বা পার্টনারশিপ গড়ে তোলা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, শুধু বন্যা পুনর্বাসনের ক্ষেত্রেই নয়, বরং দেশে ক্রিয়েটিভ ইকোনমির একটি নতুন মডেল চালু করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

