ফেনীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, আহত ৫

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সড়কের পাশে অরক্ষিত ফুটপাত দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে অন্তত ৬ জন শিক্ষার্থী হতাহত হয়, যাদের মধ্যে ৩ জন বাসের নিচে আটকা পড়ে এবং আরও ৩ জন ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসটি উল্টিয়ে সিলোনীয়া হাইস্কুলের আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় ২ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অপর ৪ জনকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার সুরাইয়াকে (১২) মৃত ঘোষণা করেন। নিহত সুরাইয়া একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. হানিফের মেয়ে। আহতদের মধ্যে রাইসা নামে অপর এক ছাত্রীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে ভাঙচুর চালায়, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। দাগনভূঞা থানার ওসি মুহাম্মাদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সিলোনীয়া বাজার এলাকায় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে শো-মিলের গাছ, লাইসেন্সবিহীন ট্রাক্টর ও বালু ফেলে রাখা হয়েছে। এর ফলে পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটেন। গত তিন বছরে ফুটপাত দখল ও বেপরোয়া যানবাহনের কারণে এই এলাকায় ৪ জন প্রাণ হারিয়েছেন।