দরিদ্র, অতিদরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসার লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এই নীতিমালা জারির মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বৃহৎ পরিসরে বাস্তবায়নের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হলো। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রায় ২ কোটি নারী পরিবারপ্রধানকে সরাসরি জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে মাসিক নগদ আর্থিক সহায়তা প্রদান করা।
নতুন এই নীতিমালায় স্বচ্ছতা নিশ্চিত করতে আট ধরনের ব্যক্তি বা পরিবারকে ‘নেগেটিভ লিস্ট’ বা অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকার নির্ধারিত পিএমটি স্কোরের সীমার বেশি স্কোর পাওয়া পরিবারগুলো এই কার্ডের সুবিধা পাবে না। এছাড়া পরিবারের নারী প্রধান যদি কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করেন কিংবা সরকারি পেনশন বা অনুরূপ অবসরকালীন সুবিধাভোগী হন, তবে তিনি এই কর্মসূচির আওতাভুক্ত হবেন না। তবে প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ পেনশন গ্রহণকারীরা এই শর্তের বাইরে থাকবেন।
কার্ড পাওয়ার অযোগ্য হওয়ার অন্যান্য শর্তের মধ্যে রয়েছে—পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকা। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়, ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো বিনিয়োগ থাকলেও পরিবারটি সুবিধা থেকে বাদ পড়বে। এছাড়া পরিবারের কোনো সদস্যের মালিকানায় বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে কার্ড পাওয়া যাবে না। কোনো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, বাণিজ্যিক লাইসেন্সধারী ব্যবসায়ী, নিয়মিত কর প্রদানকারী বা করযোগ্য আয় থাকা পরিবারগুলোকেও অযোগ্য হিসেবে গণ্য করা হবে।
জমিজমার ক্ষেত্রেও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। একইসঙ্গে কোনো অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা স্পেসের বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি এই সুবিধার বাইরে থাকবে।
নীতিমালায় ‘এক পরিবারের জন্য এক কার্ড’ নীতি নিশ্চিত করতে একটি স্থায়ী ও অনন্য ‘ওয়ান-আইডি’ প্রদানের বিধান রাখা হয়েছে, যা ভবিষ্যতে কেন্দ্রীয় পরিচয় হিসেবে ব্যবহৃত হবে। এর মাধ্যমে একই ব্যক্তি একাধিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিচ্ছেন কি না, তা যাচাই করা হবে। ফ্যামিলি কার্ডের নারী প্রধান একই সময়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিডব্লিউবি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার মতো সমজাতীয় সরকারি সহায়তা নিতে পারবেন না। তবে পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়মে অন্যান্য সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
আবেদনকারীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। এনআইডি, জন্ম-মৃত্যু নিবন্ধন, এনবিআর, বিআরটিএ, ভূমি মন্ত্রণালয়, অর্থ বিভাগের তথ্যভান্ডার এবং ব্যাংকগুলোর ডেটাবেজের সঙ্গে এপিআই সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। নীতিমালায় প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহারের সুযোগ রাখা হয়েছে, যাতে আয়, সঞ্চয়, জমি, গাড়ি বা কর সংক্রান্ত তথ্যে কোনো অসঙ্গতি বা জালিয়াতি থাকলে তা সহজেই শনাক্ত করা সম্ভব হয়।

