৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পগুলোর জন্য মোট ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১১টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে।

প্রকল্পগুলোর অর্থায়নের বিষয়ে জানানো হয়েছে যে, এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৭৩ কোটি ৭ লাখ টাকা ব্যয় করা হবে।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহণ, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প রয়েছে— বরেন্দ্র অঞ্চলে পানি ও স্যানিটেশন, বরিশাল সিটি করপোরেশনের খাল পুনরুদ্ধার, ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট, সামাজিক অবকাঠামো উন্নয়ন (SIDP) এবং গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (৩য় সংশোধিত)। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন ক্রয়ের ২টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসে অফিসার্স বাসস্থান নির্মাণ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ৫টি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট স্থাপন, শিক্ষা মন্ত্রণালয়ের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৫), বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের তিতাস গ্যাস ফিল্ডে কূপ খনন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ রাস্তায় সেতু ও কালভার্ট নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্প।

পাশাপাশি সভায় ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত ৫টি প্রকল্পের বিষয়ে অবহিত করা হয়, যা ইতিপূর্বে পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে। এগুলো হলো— দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা আধুনিকায়ন, শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতকরণ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত), ঢাকা কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র আধুনিকায়ন (১ম সংশোধিত) এবং গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প।