পূজার ছুটিতে ৫ দিনের বিরতি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজার সরকারি ছুটি ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই বর্ধিত ছুটির সমন্বয় করতে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উদযাপিত হবে।

একই মন্ত্রিসভা বৈঠকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে প্রতি বছর পালন করা হবে। মন্ত্রিসভার বৈঠকের পর এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির এই নতুন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।