মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। শনিবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ডিএনসিসি প্রশাসক স্পষ্টভাবে জানিয়েছেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের ওপর জোর দিয়েছেন। শুধু প্রত্যক্ষ হামলাকারীই নয়, এর পেছনে থাকা পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং নেপথ্যে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। শফিকুল ইসলাম খান আরও বলেন, অপরাধীর রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো পরিচয় আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা হতে পারবে না। কোনো ধরনের প্রভাব বা ক্ষমতার জোরে কাউকে ছাড় না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপসহীন থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

ঘটনার বিষয়ে ডিএনসিসি প্রশাসক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং মিরপুর বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তদন্ত প্রক্রিয়া যাতে কোনোভাবেই প্রভাবিত না হয়, সে বিষয়ে তিনি সতর্ক দৃষ্টি রেখেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশি অস্ত্র নিয়ে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। প্রতিষ্ঠানটির অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ভারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা ও নগদ অর্থ লুট করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, দীর্ঘ সময় ধরে একটি চক্র জায়গাটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। উল্লেখ্য যে, এই কেন্দ্রটি মিরপুর এলাকার শিশুদের টিকাদান, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন জরুরি সেবা দিয়ে আসছিল।