বাংলাদেশ ব্যাংকের পর এবার ডিজিটাল ভূমিসেবার সার্ভার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শনাক্ত হওয়া নিরাপত্তা ত্রুটির বিষয়টি আমলে নিয়ে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২৪ অক্টোবর শনিবার দুপুর ১২টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা ডিজিটাল ভূমিসেবার (land.gov.bd) সার্ভার বন্ধ থাকবে। এই সময়সীমার মধ্যে ভূমিসেবা সংক্রান্ত কোনো কার্যক্রম ব্যবহার করা সম্ভব হবে না।
সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট থেকে গত ২২ অক্টোবর একটি জরুরি সাইবার সতর্কবার্তা পাওয়ার পরই মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে। এই রক্ষণাবেক্ষণ চলাকালীন নামজারি বা মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি রাজস্ব মামলা এবং ভূমি তথ্য ব্যাংকসহ যাবতীয় অনলাইন সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে। এছাড়াও জমির উত্তরাধিকার নির্ধারণের ক্যালকুলেটর, আইন-বিধি এবং বিভিন্ন ফরম বা নির্দেশিকাও এই সময়ে ব্যবহার করা যাবে না।
মন্ত্রণালয় সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের পর যেন ভূমিসেবার জন্য কোনো ধরনের পেমেন্ট করা না হয়। এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছে ভূমি মন্ত্রণালয়। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংকের সার্ভারও একইভাবে বন্ধ রাখা হয়েছিল।
