দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৮২ জন

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে মশাবাহিত এ জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, এ সময় পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ২ি১৯ জনে পৌঁছেছে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই হিসাব জানানো হয়।

এর আগের দিন মঙ্গলবার সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। সেদিন মশাবাহিত রোগটিতে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭১ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।