জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন আমরা দেখেছিলাম, তা এখনো আমাদের চেতনার মূলে রয়েছে। শনিবার (১ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত 'সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাইয়ের এই গণঅভ্যুত্থান ছিল শুরু থেকেই অসাম্প্রদায়িক চেতনার। এতে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছে এবং অন্তত ৯ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শহীদ হয়েছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু কার্ড ব্যবহার করে নিজেদের অসাম্প্রদায়িক হিসেবে জাহির করত এবং অন্যদের সাম্প্রদায়িক তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটত। কিন্তু সংখ্যালঘুদের উচিত নয় কোনো একটি রাজনৈতিক দলের পকেটে বন্দি থাকা; বরং সব দলের সঙ্গেই তাদের সম্পর্ক রাখা প্রয়োজন, যাতে তারা অনিরাপদ বোধ না করে।
গণঅভ্যুত্থান পরবর্তী সম্প্রীতির উদাহরণ টেনে নাহিদ বলেন, সংকটকালে বিভাজনের ঊর্ধ্বে ওঠার নজির জুলাইয়ে আমরা দেখেছি, যেখানে মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে। তবে এরপরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার পাশাপাশি বিগত সময়ে ঘটে যাওয়া জমি দখল, গুম ও খুনের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, সবার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়েছি। গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে, অন্যথায় তা সম্ভব নয়। বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হলে এর সুফল সবাই পাবে। তিনি বর্তমান সময়ে আবারও ভয়ের পরিবেশ তৈরির ইঙ্গিত দিয়ে বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি ছিল সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সেন্ট মেরি ক্যাথেড্রালের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও, এবং এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা।

