ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক টিএইচসি (টেট্রাহাইড্রোক্যানাবিনল) বিক্রি করে আসছিলেন মোহাম্মদ আনিসুর রহমান (৪০)। বিষয়টি জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা ক্রেতা সেজে তিনটি কাচের বোতলে প্রতিটিতে ২০ মিলিলিটার করে মোট ৬০ মিলিলিটার টিএইচসির ফরমাশ দেন। পরে রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, তরল পদার্থটিতে উচ্চ মাত্রার গাঁজার উপাদান রয়েছে। এই মাদকের কারবার নিশ্চিত হওয়ার পর কর্মকর্তারা ফাঁদ পেতে দারাজের এক ডেলিভারিম্যান মো. নাঈমকে (২০) হাতেনাতে ধরেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত রোববার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি চারতলা বাড়িতে অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, আনিসুর মূলত একজন কেমিস্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে জাপানে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে সাবান ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে এই মাদক কারবার চালিয়ে আসছিলেন। টিএইচসি মূলত গাঁজার ঘনীভূত তরল নির্যাস, যা তিনি ‘সিবিডি তেল’ নামে অনলাইনে বিক্রি করতেন। গত পাঁচ বছরে তিনি প্রায় ৪০৫ বোতল টিএইচসি বিক্রি করেছেন। উদ্ধার হওয়া ৬২০ মিলিলিটার টিএইচসির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এছাড়া বাসা থেকে মাদক তৈরির সরঞ্জাম, ৫০টি ছোট কাচের বোতল, দারাজের লোগোযুক্ত পলিথিন প্যাকেট, কম্পিউটার ও মুঠোফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট বিকেল চারটা পাঁচ মিনিটে সেগুনবাগিচা এলাকায় পার্সেল পৌঁছে দিতে এসে ধরা পড়েন দারাজের ডেলিভারিম্যান মো. নাঈম। তিনি জানান, পার্সেলটি বাড্ডার ওই বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ভেতরে কী আছে তা তিনি জানতেন না। এ ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলায় আনিসুর রহমানের পাশাপাশি দারাজের ব্যবস্থাপনা পরিচালককেও (এমডি) আসামি করা হয়েছে।
অভিযান চলাকালে রামপুরায় দারাজের হাব কার্যালয়ে গিয়ে হাব সুপারভাইজার মো. সৈয়দ ইরফানের (৩১) উপস্থিতিতে পার্সেলসংক্রান্ত তথ্যের দুই পাতার নথিপত্র জব্দ করা হয়। বেলাল হোসেনের (৫৩) উপস্থিতিতে এই নথিপত্র জব্দ করা হয়। হাব সুপারভাইজার স্বীকার করেছেন যে দারাজের প্ল্যাটফর্মে টিএইচসির বিজ্ঞাপন ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ জানান, যাচাই-বাছাই না করেই দারাজ এই মাদক বিক্রি করে আসছিল। মামলার এজাহারে বলা হয়েছে, ভারত থেকে অবৈধ পথে এই মাদক দেশে আনা হতো এবং পরে অনলাইনে বিক্রি করা হতো। গ্রেপ্তার আনিসুর রহমানের ডোপ টেস্টেও মাদকাসক্তির প্রমাণ পাওয়া গেছে।

