আড়াই লাখ টাকার বরাদ্দে হলে কম্পিউটার ও পানির ফিল্টার দিলেন চাকসুর এজিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে কম্পিউটার এবং একটি হলে উন্নতমানের পানির ফিল্টার প্রদান করেছেন। নিজের অফিস পরিচালনা ও আপ্যায়নের জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকার পুরো অর্থই তিনি শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেন। সোমবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংশ্লিষ্ট হলগুলোতে উপস্থিত হয়ে তিনি নিজে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন। বরাদ্দের টাকা দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল, অতীশ দীপঙ্কর হল এবং বিজয়-২৪ হলে কম্পিউটার উপহার দিয়েছেন। একইসঙ্গে শহীদ ফরহাদ হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে হলটির ডাইনিংয়ে একটি উন্নতমানের পানির ফিল্টার বসিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘আমার অফিস পরিচালনা ও চা-নাস্তার জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকার এক টাকাও আমি নিজের জন্য ব্যয় করিনি। সেই বরাদ্দের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল, অতীশ দীপঙ্কর হল এবং বিজয়-২৪ হলে কম্পিউটার উপহার দিয়েছি। এ ছাড়া শহীদ ফরহাদ হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ডাইনিংয়ে একটি উন্নতমানের পানির ফিল্টার বসিয়ে দিয়েছি।’

তিনি আরও উল্লেখ করেন যে, দায়িত্ব পালনের পুরো এক বছরে অফিস পরিচালনা, আপ্যায়ন কিংবা যাতায়াতসহ যাবতীয় খরচ তিনি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বহন করেছেন। এই পুরো সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থ নিজের পেছনে খরচ করেননি বলেও তিনি জানান।