কটিয়াদীতে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে কেন্দ্র করে পুরো উপজেলায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি রোববার কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় সাধারণ মানুষের ঢল নামে। সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকায় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষও এই আয়োজনে অংশ নিতে ভিড় করেন।

সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করার কথা রয়েছে। এরপর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই কটিয়াদীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি কটিয়াদীতে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি এলাকার উন্নয়ন ও বিভিন্ন দাবি-দাওয়া পূরণের প্রত্যাশাও তৈরি হয়েছে।