কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, সৈকতে পর্যটকদের আশ্রয়

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনার সাত দিনের মাথায় এবার শহরের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন তারকা হোটেল দ্য সি প্রিন্সেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সময় নয়তলা বিশিষ্ট হোটেলটির শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন। পার্কিং এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখে হোটেলের কর্মী ও পথচারীদের মধ্যে হইচই শুরু হলে পর্যটকরা দ্রুত হোটেল থেকে বেরিয়ে পাশের সৈকতে আশ্রয় নেন।

খবর পেয়ে বিকেল ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্য সি প্রিন্সেস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল এবং কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত সকল পর্যটক বর্তমানে নিরাপদ আছেন।