কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজের সুবিধা পেল ইউএস-বাংলা

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। শনিবার (১৭ অক্টোবর) এয়ারলাইনসটির ফ্লাইট বিএস ১৪৫-এর মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই নতুন যাত্রীসেবা কার্যক্রমের উদ্বোধন করেছে।

বোর্ডিং ব্রিজের ব্যবহারের ফলে যাত্রীরা এখন সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে ওঠানামা করতে পারবেন। এই আধুনিক ব্যবস্থা যুক্ত হওয়ার ফলে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এবং বিমানবন্দরে আধুনিক যাত্রীসেবার সুযোগ বৃদ্ধি পাবে।

ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যাত্রীদের উন্নতমানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এয়ারলাইনসটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাত্রীসেবার মানোন্নয়নে বোর্ডিং ব্রিজের মতো এ ধরনের আধুনিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।