সংবিধান সংশোধন কমিটি সমাজের বিভিন্ন মহলের মতামত নেবে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী বৈঠকে সংবিধান বিশেষজ্ঞ, নারী নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নকারী, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক এবং শ্রমজীবী মানুষের প্রতিনিধিরা আমন্ত্রিত হবেন।

রবিবার (৪ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সংবিধান সংশোধনের বিষয়ে তাদের নিজস্ব প্রস্তাবনাগুলো কমিটির কাছে তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এবং সংসদ সদস্য সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ এবং মাধবী মারমা বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিটি জানিয়েছে, বৈঠকে উত্থাপিত প্রস্তাব এবং লিখিত আকারে জমা দেওয়া সকল মতামত তাদের চূড়ান্ত রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া যারা সরাসরি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না, তাদের লিখিত প্রস্তাব কমিটির কাছে পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।