দিনাজপুরের চিরিরবন্দরে কিশোর-কিশোরীদের সাঁতারের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ দিনব্যাপী একটি প্রশিক্ষণ ক্যাম্পের যাত্রা শুরু হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ৮০ জন কিশোর-কিশোরী সাঁতারু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার চান মিয়া, থানার উপ-পরিদর্শক নির্মল্য কুমার রায়, চিরিরবন্দর প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম এবং প্রশিক্ষক পুলিন চন্দ্র।

