প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ১০। চাঁদপুরের মতলব উত্তরে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় অবৈধ ট্রলির ধাক্কায় ফারিহা নামের তিন বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। রোববার সকাল ১০টার দিকে ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ফারিহা উপজেলার কৃষ্ণপুর গ্রামের বেপারী বাড়ির কাউসার বেপারীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রলি শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফারিহা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রলির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে এসেছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিশুর মা ফারজানা আক্তার কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে আমার হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি এসে তাকে ধাক্কা দেয়। চোখের সামনেই আমার মেয়েটা পড়ে যায়।
এদিকে, এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মতলব উত্তরের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলি ও টমটম অবাধে চলাচল করছে। এসব যানবাহনের বেপরোয়া গতির কারণে পথচারীরা সব সময় আতঙ্কে থাকেন। স্থানীয়রা অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, সুরুজ প্লাজার সামনে ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

