বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সরকার আপনাদের পাশে আছে। শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সভায় তিনি জেলার চলমান উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং জেলায় তিনটি সেতু ও একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস প্রদান করেন।

চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নূরুল ইসলাম বলেন, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে কোনো ট্রলিং ট্রলার যেন চলাচল করতে না পারে, সে বিষয়েও তিনি সতর্কবার্তা দেন।

পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, দুর্গাপূজার মণ্ডপগুলোতে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের এমপি মো. অলিউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।