চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নতুন আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার সকাল ১০টায় সংগঠনের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ হলরুমে আয়োজিত এক বিশেষ দায়িত্বশীল সমাবেশে তিনি শপথবাক্য পাঠ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নবনির্বাচিত জেলা আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, যিনি নবনির্বাচিত জেলা আমিরকে শপথবাক্য পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ বলেন, দায়িত্ব কোনো সামাজিক স্ট্যাটাস কিংবা ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। তিনি প্রত্যেক দায়িত্বশীলকে সততা, আন্তরিকতা ও জবাবদিহির মানসিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, একজন দায়িত্বশীলকে কৃত্রিম বা আনুষ্ঠানিক সহযোগিতা নয়, বরং আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে সহযোগিতা করতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, আমিরের দায়িত্ব ব্যক্তিগত পদমর্যাদা বা সম্মানের বিষয় নয়; এটি একটি গুরুদায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি মহান আল্লাহর সাহায্য এবং সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ডা. শফিকুর রহমান ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করেছিলেন।