সোমবার সকাল ১০টায় শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে স্থগিত করা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু হচ্ছে। সোমবার সকাল ১০টা থেকে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্য সব শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার সকাল ১০টায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ১৬ জুলাই বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অবশিষ্ট সব এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই পরীক্ষাগুলো ২৭ জুলাই থেকে পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।

চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০: ২৯আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০: ৩৪