৯ শিক্ষকেই চলছে চরফ্যাশনের ১২০০ শিক্ষার্থীর টি ব্যারেট স্কুল

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে তীব্র শিক্ষক ও প্রশাসনিক জনবল সংকটের মুখে পড়েছে। দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ পদগুলো খালি থাকায় বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি একাডেমিক তদারকি দুর্বল হয়ে পড়ায় শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১২০০ শিক্ষার্থীর এই বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত ১৭টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯ জন। অর্থাৎ শিক্ষক পদেই ৮টি পদ শূন্য রয়েছে। এছাড়া প্রধান শিক্ষকের পদটিও দীর্ঘ দিন ধরে ফাঁকা। বর্তমানে সহকারী প্রধান শিক্ষক তাসলিমা বেগম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দাপ্তরিক কাজেও চরম সংকট বিরাজ করছে; বিদ্যালয়ের দুইটি অফিস সহায়ক পদের বিপরীতে বর্তমানে কোনো অফিস সহায়ক নেই।

বিদ্যমান ৯ জন শিক্ষককে পাঠদানের পাশাপাশি পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন, ফলাফল প্রস্তুত এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা ও উপস্থিতি পর্যবেক্ষণের মতো বহুমুখী দায়িত্ব পালন করতে হচ্ছে। বিশেষ করে অর্ধবার্ষিক, বার্ষিক, বৃত্তি, নবম শ্রেণির টেস্ট এবং এসএসসি পরীক্ষার মতো একাডেমিক কার্যক্রমের সময় শিক্ষকদের ওপর কাজের চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছায়। অভিভাবক সমাবেশে অনেক অভিভাবক অভিযোগ করেছেন যে, শিক্ষক সংকটের কারণে শ্রেণিকক্ষ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর যথাযথ নজরদারি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে, তদারকির এই সুযোগে কিশোর গ্যাং, মাদক বা ইভটিজিংয়ের মতো অসামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা প্রমাণ এখনো নেই।

বিদ্যালয়ের ছাত্র অভিভাবক ও শিক্ষাবিদ ইলিয়াস হোসেন বলেন, ১২০০ শিক্ষার্থীর পাঠদান ৯ জন শিক্ষকের মাধ্যমে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের দাবি জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাছলিমা বেগম শিক্ষক ও জনবল সংকটের বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি তিনি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবেন। তিনি আরও বলেন, সংকট থাকা সত্ত্বেও বিদ্যমান ৯ জন শিক্ষক নিরলসভাবে পাঠদান চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকট দূরীকরণে তিনি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন। এছাড়া খণ্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়টি প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।