১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ

দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও তা সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১ আগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং পুরনো গাড়ির ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়িগুলোর জিপিএস সচল থাকার বিষয়টিও প্রদর্শন করতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুনের প্রজ্ঞাপনের আলোকে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী, এই শর্ত পূরণ সাপেক্ষেই কেবল যানবাহনগুলোর রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়ন করা হবে। জিপিএসের কারিগরি মানদণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য বিআরটিএর কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সব পরিবহন মালিক ও তাদের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।