কারা মহাপরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেছিলেন মোতাহের হোসেন। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তবে বুধবার রাত পর্যন্ত নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি জানা যায়নি।
এর আগে মঙ্গলবার কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোতাহের হোসেন জানিয়েছিলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে গিয়েছিল। ওই বন্দিদের মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন।

