রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

দেশের তেইশতম রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। সংসদের দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন দলের প্রার্থীই রাষ্ট্রপতি হচ্ছেন, বাকি কেবল আনুষ্ঠানিকতার।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে এই মনোনয়নপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন।

মনোনয়নপত্র গ্রহণের সময় সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকের শুরুতে দলের চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, ওই বৈঠকেই মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান।

দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে মনোনয়নপত্র নিয়ে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেলসহ প্রতিনিধি দল। বিএনপির পক্ষ থেকে একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল এবং দুটিই জমা দেওয়া হয়েছে।

দুটি মনোনয়পত্রেরই প্রস্তাবক হিসেবে রয়েছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

স্পিকারের সঙ্গে আলোচনা করে সিইসি এ এম এম নাসির উদ্দিন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট সকাল ১০টা থেকে বাছাই এবং ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।