কুড়িগ্রামে প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে সোনাহাট স্থলবন্দরের সক্ষমতা, দূরত্ব এবং পণ্য পরিবহনের বিভিন্ন দিক যাচাই করতে ভুটানের একটি উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি দল স্থলবন্দরটি পরিদর্শন করেছে। বুধবার বিকেলে প্রতিনিধি দলটি সেখানে পৌঁছায়।
ভুটানের এই প্রতিনিধি দলে ছিলেন জিএমসিএর উপপরিচালক (আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়াদি) কালদেন দর্জি, সহযোগী পরিচালক নিম এলহাম এবং রয়্যাল ভুটানিজ দূতাবাসের মিনিস্টার-কন্সিলর (বাণিজ্য) দাওয়া শেরিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনের সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধি, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক এবং ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের পক্ষ থেকে সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী এবং সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম আকন্দসহ অন্যরা প্রতিনিধি দলটিকে স্বাগত জানান।
এর আগে, বুধবার সকালে প্রতিনিধি দলটি চিলমারী নৌবন্দরও পরিদর্শন করেন। মূলত সড়ক ও নৌপথ ব্যবহার করে পণ্য আনা-নেওয়ার সার্বিক সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবেই ভুটানিজ দলটি এই দুটি বন্দর পরিদর্শনের উদ্যোগ গ্রহণ করে।

