বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা

বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা ও ভাঙচুর চালিয়েছে। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বার্থী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় কার্যালয়ের একটি দরজার অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র অনুযায়ী, ৫-৬ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ব্যাংক কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে নিচতলার দুটি জানালা ভেঙে ফেলে এবং পরে ভেতর লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একই সময়ে তারা ভবনের দরজা ও দেয়ালে আরও তিনটি পেট্রোল বোমা ছোড়ে। দরজার ওপর নিক্ষেপ করা একটি বোমার বিস্ফোরণে আগুন ধরে যায়।

ঘটনার সময় ভবনের দোতলায় থাকা বাসিন্দা এবং ব্যাংকের নৈশপ্রহরী দ্রুত বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভান। এতে ব্যাংক ও ভবনটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মামুন হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি ও সহকারী ব্যবস্থাপক কার্যালয় থেকে বেরিয়ে পাশের বার্থী বাজারে যান। সেখানে এশার নামাজ পড়ার সময় নৈশপ্রহরীর কাছ থেকে হামলার খবর পান। পরে ঘটনাস্থলে ফিরে তিনি কার্যালয়ের ভেতরে দুটি এবং বাইরে আরও দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা দেখতে পান।

ভবনটির অংশীদার খাইরুল হাসান লাভলু জানান, তার দোতলা ভবনের নিচতলায় গ্রামীণ ব্যাংকের শাখাটি পরিচালিত হয়। হামলায় ভবনের জানালা ভাঙচুর এবং দরজার কিছু অংশ পুড়ে গেছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। ফুটেজে তিনটি মোটরসাইকেলে করে ৬-৭ জনকে এসে জানালা ভাঙচুর ও পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের তৎপরতা চলছে।