বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা দেশটির দীর্ঘদিনের উন্নয়নের ধারাকে থামিয়ে দেওয়ার হুমকি তৈরি করেছে। রাজধানীর এক ক্যাফের মালিকের মতো সাধারণ আমানতকারীরা মাসের পর মাস ব্যাংক থেকে নিজেদের জমানো টাকা তুলতে পারছেন না। ব্যাংকিং খাতের একটি বড় অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে শেখ হাসিনা ওয়াজেদের ১৫ বছরের স্বৈরশাসনামলে সংঘটিত ব্যাপক অর্থ লুটপাট ও দুর্নীতিকে দায়ী করা হচ্ছে। ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি ১৫ বছর ক্ষমতায় ছিলেন। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ জমেছে, যার অনেকগুলোই আর ফেরত পাওয়া যাবে না। যাঁরা ব্যাংক চালাতেন, তাঁরাই ব্যাংক থেকে ঋণও নিয়েছেন, এমন ধনকুবেরদের কেউ কারাগারে, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন।
১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিলেন। দেশটি ছিল দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্বের বাকি অংশে রপ্তানির মতো পণ্যও ছিল খুব কম। কিন্তু পরে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য দেখায়। দ্রুত প্রবৃদ্ধি হয়েছে, দারিদ্র্য কমেছে, স্বাস্থ্য ও শিক্ষার দুর্বল অবস্থারও উন্নতি হয়েছে। দুর্বল শাসনব্যবস্থা ও দুর্বল প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এই অগ্রগতি হয়েছে। বাংলাদেশ কখনো ত্রুটিপূর্ণ গণতন্ত্র, কখনো সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গেছে।
পরিসংখ্যান বলছে, বর্তমানে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি। এই হার ভারতের ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানের ৫ শতাংশের তুলনায় উদ্বেগজনকভাবে বেশি। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত বর্তমানে ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। বিশেষ করে ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। ইসলামী ব্যাংকটি আগে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কিত থাকলেও পরে এস আলম গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায় এবং মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে ব্যাংকটির অর্ধেক ঋণ নিজের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরিয়ে নেন। এস আলম এ অভিযোগ অস্বীকার করে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদকে আর জনসমক্ষে দেখা যায়নি।
২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মূল টাকার ২ শতাংশ পরিশোধের সুযোগ দেয়। এরপর তাঁরা এক বছর বাকি কিস্তি না দিয়ে স্থগিত রাখতে পারতেন এবং পুরো ঋণ শোধের জন্য আরও ১০ বছর সময় পেতেন। ২ শতাংশ পরিশোধ করলেই ওই ঋণকে আর খেলাপি হিসেবে ধরা হতো না। ২০২০ সালে আইএমএফ সতর্ক করেছিল, তখন সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ছিল প্রায় ১০ শতাংশ। কিন্তু প্রকৃত হার এর দ্বিগুণ পর্যন্ত হতে পারে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে সংজ্ঞা বদলানো হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো ঋণের কিস্তি ৯০ দিন বকেয়া থাকলে সেটিকে খেলাপি ধরা হয়। নতুন সংজ্ঞায় এখন খেলাপি ঋণের হার ৩৩ শতাংশ।
বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২০২৫ সালের প্রায় ১০ শতাংশ থেকে কমে এ বছর ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে সাধারণত প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫ শতাংশ। তবে অন্তর্বর্তী সরকার বলেছিল, আগের এই প্রবৃদ্ধির হিসাব বেশি দেখানো হয়েছিল। এই সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে ৬২০ কোটি ডলারের জরুরি সহায়তা দিলেও মুডিসের মতে, পুরো খাতকে আবার সচল করতে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ মূলধন প্রয়োজন হতে পারে।
রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা বলার পর রাজধানীতে ৫০টির বেশি হাতে তৈরি বোমা বিস্ফোরিত হয়েছে। সরকারের দাবি, এর পেছনে আওয়ামী লীগ রয়েছে। শেখ হাসিনা হয়তো দেশে ফেরার কথা বলে চাপ তৈরি করছেন। রক্তাক্ত দমন-পীড়নে ভূমিকার জন্য তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড হয়েছে। তবে তিনি সত্যিই ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের একটি কেন্দ্র হয়ে উঠতে পারেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, বর্তমান সরকার ব্যাংক লুটপাটের সেই চোরতান্ত্রিক উত্তরাধিকার সামলাচ্ছে।
সরকারের রাজস্ব আয় জিডিপির মাত্র ৭ শতাংশ হওয়ায় ব্যাংকগুলোতে নতুন করে মূলধন জোগান দেওয়া কঠিন হয়ে পড়ছে। বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংকিং খাতের ওপর নির্ভর করায় বাজারে অর্থের সরবরাহ বাড়ছে, যা মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে। বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্র্যের হার বাড়তে পারে, যা কয়েক দশকের অর্জনকে উল্টে দিতে পারে। নতুন সরকার যে সংস্কারের কাজ ধীরে করছে, তারও কিছু উদ্বেগজনক লক্ষণ দেখা যাচ্ছে। জুনে সংকটে থাকা কিছু ঋণগ্রহীতার ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেওয়া হয়। নতুন একটি নিয়মে ব্যাংকঋণের সুদ কতটা বাড়াতে পারবে, তা সীমিত করা হয়েছে। ফলে ঝুঁকি অনুযায়ী ঋণের সুদ নির্ধারণ করা ব্যাংকের জন্য কঠিন হচ্ছে। সাবেক এক সরকারি কর্মকর্তার মতে, বাংলাদেশে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং সংকটগুলো নতুন মোড় নিচ্ছে।

