রাজধানীর বাংলামোটরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বহিষ্কৃত যুবদল নেতা ফেরদৌস আহমেদ সায়মন ও তাঁর সহযোগীদের আগ্নেয়াস্ত্রের আঘাতে মো. সোহান (৩৫) নামের এক ওষুধ ব্যবসায়ী আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বাংলামোটর এলাকায় সোহানের ওষুধের দোকান রয়েছে।
ভুক্তভোগী সোহান জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর দিকের গলিতে ফেরদৌস আহমেদ সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর পথরোধ করেন। একপর্যায়ে কথা–কাটাকাটির জের ধরে ফেরদৌস পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করেন, এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। এরপর ফেরদৌস দুটি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে ফেরদৌস তাঁর সহযোগীদের নিয়ে একটি ভবনে আশ্রয় নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ওই ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং হামলাকারীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনটির সামনে অবস্থান নেয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, রাত ১২টার দিকে ফেরদৌস আহমেদ ও তাঁর দুই সহযোগীকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, আহত ব্যবসায়ী সোহান মামলা করলে সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বহিষ্কৃত এই যুবদল নেতা দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদা না দিলে স্থানীয়দের ওপর হামলা ও মারধর করাই ছিল তাঁর নিয়মিত কাজ। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেরদৌসকে আগেই হাতিরঝিল থানা যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

