বাংলাদেশের পর্যটন খাতের অবদান জিডিপির বর্তমান ২ থেকে ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের পর্যটন খাতের মাস্টারপ্ল্যান হালনাগাদ করার কাজ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আলোকে পরবর্তীতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার। তিনি উল্লেখ করেন, পর্যটন খাতের প্রকৃত চিত্র জানতে তথ্য-উপাত্তের যে ঘাটতি রয়েছে, তা পূরণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আওতায় বর্তমানে 'ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট' তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে পর্যটন খাতে কর্মসংস্থান, পর্যটকের আগমন, জিডিপিতে অবদান এবং ইনবাউন্ড ও আউটবাউন্ড পর্যটনের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। সরকারের নীতিনির্ধারণী নির্দেশনা ও পাঁচ বছরের কৌশলগত উন্নয়ন পরিকল্পনার আলোকে এই পর্যটন মাস্টারপ্ল্যান সংশোধন ও হালনাগাদ করা হচ্ছে।
বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্রসৈকত, সুন্দরবনের জীববৈচিত্র্য, পার্বত্য চট্টগ্রামের পাহাড়, সিলেটের চা-বাগান, নদীমাতৃক ভূপ্রকৃতি এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার, ষাটগম্বুজ মসজিদ ও মহাস্থানগড়ের মতো ঐতিহাসিক নিদর্শন থাকা সত্ত্বেও জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান এখনো সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে যোগাযোগব্যবস্থা, মানসম্মত হোটেল-মোটেল, পর্যাপ্ত বিনোদন সুবিধা, তথ্যকেন্দ্র ও নিরাপত্তার ঘাটতি দূর করা জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন ব্র্যান্ডিং ও বিপণন আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন তারা।
পর্যটন খাতের বড় বিনিয়োগকারী বেসরকারি উদ্যোক্তারা কক্সবাজার, সিলেট ও পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিনিয়োগ করলেও অনুকূল পরিবেশের অভাবকে বড় বাধা হিসেবে দেখছেন। প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও জ্যেষ্ঠ পর্যটন বিশেষজ্ঞ তৌফিক রহমান জানান, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিদেশি পর্যটকদের আসার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বিভিন্ন দেশের ট্রাভেল অ্যাডভাইজরিতে বাংলাদেশকে যে 'রেড মার্ক' বা উচ্চ সতর্কতাপূর্ণ দেশ হিসেবে রাখা হয়েছে, তা পরিবর্তনের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন ও কূটনৈতিক যোগাযোগ জোরদার করা আবশ্যক। এছাড়া বিদেশি পর্যটকদের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পাশাপাশি বিশেষায়িত হেল্পলাইন চালু এবং বিশ্বখ্যাত ট্রাভেল blogger ও ইনফ্লুয়েন্সারদের আমন্ত্রণের মাধ্যমে 'নিরাপদ বাংলাদেশ' বার্তাটি ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
অন্যদিকে, ওয়েসিস কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী জুয়েল খান মনে করেন, বাংলাদেশে বিশ্বমানের অবকাঠামো থাকা সত্ত্বেও সঠিক ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক মানের ধারাবাহিক সেবার অভাবে কাঙ্ক্ষিত পর্যটক আকর্ষণ করা যাচ্ছে না। এজন্য দক্ষ জনবল ও আন্তর্জাতিক মানের সার্ভিস কালচার নিশ্চিত করা প্রয়োজন। খাত সংশ্লিষ্টরা পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে কেন্দ্র করে আলাদা ব্র্যান্ড তৈরির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটনসেবা, গাইড ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর জোর দিচ্ছেন।
পর্যটন খাতের উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকভাবে কার্যকর করা, ট্যুরিস্ট পুলিশের পরিধি বাড়ানো, ই-ভিসা সহজ করা এবং আন্তর্জাতিক মানের হোটেল-রেস্তোরাঁয় করছাড় ও প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন'। এ উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এবারই প্রথম পর্যটন খাতে উৎকর্ষ ও টেকসই উদ্যোগকে উৎসাহিত করতে ১৩টি ক্যাটাগরিতে 'বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬' দেওয়া হবে। তবে সরকারের সামনে এখন বড় পরীক্ষা হলো এই মহাপরিকল্পনার সফল বাস্তবায়ন। দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তা, ভিসা জটিলতা, বিনিয়োগের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক প্রচারণার ঘাটতি দূর করতে না পারলে কাগজে-কলমের বড় লক্ষ্য অর্জন করা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

