চট্টগ্রামের খুলশীতে পুলিশের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর চারটার দিকে নগরের খুলশী ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে। অস্ত্র মামলায় পরোয়ানাভুক্ত নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেনকে গ্রেপ্তার করতে যাওয়ার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ অন্তত আট পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট পাহাড়তলী ডিগ্রি কলেজের এক প্রভাষককে তুলে নিয়ে নির্যাতন এবং অধ্যক্ষকে ভিডিও কলে হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ওয়াকিল হোসেন দুই নম্বর আসামি। মামলার পর থেকেই পুলিশ তাঁকে ধরার চেষ্টা করছিল। অভিযানের বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার ওয়াকিল খুলশী থানার ওসি আবদুর রহিমকে মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
অভিযানের খবর পেয়ে ওয়াকিল ভোর চারটার দিকে অনুসারীদের জড়ো করেন। পুলিশ ওয়্যারলেস এলাকায় পৌঁছালে হামলাকারীরা বিএনপির নামে স্লোগান দিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করে এবং পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ওয়্যারলেসের প্রতিটি গলি ও ওয়াকিলের বাসভবনে সাঁড়াশি অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
খুলশী থানার ওসি আবদুর রহিম জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, ওয়াকিল হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ ১৭টি মামলার আসামি হওয়ার পর গত ৮ জুন তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

