সুন্দরবন-সংলগ্ন খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের কামরুল ইসলামের বাড়ির ছাদ থেকে একটি পাইপ নেমেছে পানির ট্যাংকে। বর্ষায় ছাদে পড়া পানি ওই পাইপ দিয়ে ট্যাংকে জমা হয়। সেই পানি রান্না, খাওয়া ও পরিবারের অন্যান্য কাজে ব্যবহার করেন তাঁরা। কামরুল ইসলাম বলেন, এখানে মিঠাপানির খুব কষ্ট। বর্ষার সময় বৃষ্টি হলে যতটা সম্ভব পানি ধরে রাখেন। একবার ট্যাংক ভরে গেলে সেই পানি কয়েক মাস চলে। অনেক সময় পাঁচ-ছয় মাস পরও ট্যাংকের পানি শেষ হয় না। উপকূলের লবণাক্ত এলাকার বহু পরিবারের কাছে বৃষ্টির পানি এভাবেই কয়েক মাসের ভরসা। কিন্তু পানি দেখতে পরিষ্কার হলেও তা কি নিরাপদ? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ এবং দক্ষিণ-পশ্চিম উপকূল নিয়ে প্রকাশিত কয়েকটি গবেষণা বলছে, সংকটটি শুধু লবণাক্ততার নয়; নলকূপ ও অন্য উৎসের পানিতে আর্সেনিক ও মলজাতীয় জীবাণু রয়েছে। আবার লবণাক্ত পানির বিকল্প হিসেবে সংরক্ষণ করা বৃষ্টির পানি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে ত্রুটি থাকলে জীবাণু ও সিসায় দূষিত হতে পারে। কামরুল জানান, পানি পরিষ্কার দেখলে তাঁরা খেয়ে নেন, কারণ জীবাণু চোখে দেখা যায় না। তিনি কখনো পানি পরীক্ষা করাননি। নিয়ম করে ট্যাংক পরিষ্কার করা হয় না, পানি শেষ হলে বা ভেতরে ময়লা দেখা দিলে পরিষ্কার করা হয়। পরিবারের সদস্যদের মাঝেমধ্যে পেটের সমস্যা, পাতলা পায়খানা বা বমি হয়।
বিবিএস ও ইউনিসেফের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে পানির মানের সর্বশেষ চিত্র পাওয়া যায়। জরিপটি হয়েছে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত। এতে ৬১ হাজার ২০৭টি পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয় এবং ৬ হাজার ১০৬টি পরিবারে পানির গুণমান পরীক্ষা করা হয়। এমআইসিএসের পরীক্ষায় খুলনা বিভাগের ৬৩ দশমিক ২ শতাংশ মানুষের ব্যবহৃত উৎসের পানিতে ই কোলাই (একধরনের ব্যাকটেরিয়া) পাওয়া গেছে। ঘরে পান করা অবস্থায় এই জীবাণু ছিল ৯২ দশমিক ৯ শতাংশ মানুষের পানিতে। গবেষকেরা বলছেন, উৎস থেকে পানি সংগ্রহ, বহন ও সংরক্ষণের পথে দূষণ ঘটতে পারে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ বলেন, লবণাক্ততা ও আর্সেনিক—দুটিই বড় সমস্যা। খুলনার দাকোপ, কয়রা ও পাইকগাছা; বাগেরহাটের মোংলা, রামপাল ও মোরেলগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে নিরাপদ পানির সংকট বেশি। সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম মোড়ল এখনো বয়ে বেড়াচ্ছেন আর্সেনিকের ক্ষত। আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে নানা সমস্যা দেখা দেয় এবং একসময় হাতের তালু শক্ত হয়ে যায়। আর্সেনিকজনিত অসুস্থতায় তাঁর বাবা, মা, স্ত্রী, দাদি, চাচিসহ পরিবারের অনেক সদস্য মারা গেছেন। শফিকুল বলেন, বিভিন্ন সময়ে সরকার পানি সরবরাহের ব্যবস্থা করেছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কোথাও পানি লবণাক্ত, আবার কোথাও নিরাপদ পানি আনতে যেতে হয় অনেক দূরে। বাধ্য হয়ে দরিদ্র মানুষ কখনো নলকূপের, কখনো পুকুরের পানি ব্যবহার করেন।
জরিপ অনুযায়ী, খুলনা বিভাগের ১৭ দশমিক ৮ শতাংশ মানুষের উৎসের পানিতে আর্সেনিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত সীমার চেয়ে বেশি। ডব্লিউএইচওর নির্ধারিত সীমা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম বা ১০ পিপিবি। বাংলাদেশের প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রাম সীমার বেশি ছিল ১০ দশমিক ৭ শতাংশ মানুষের উৎসে। একই জরিপে খুলনা বিভাগের ১০ দশমিক ৭ শতাংশ মানুষের উৎসে মাঝারি এবং ৩ দশমিক ৮ শতাংশের উৎসে উচ্চমাত্রার লবণাক্ততা পাওয়া গেছে। উন্নত উৎস বাড়ির প্রাঙ্গণে থাকা, প্রয়োজনের সময় পানি পাওয়া, উৎসের পানি ই কোলাইমুক্ত হওয়া এবং আর্সেনিক ১০ পিপিবির মধ্যে থাকা—এই শর্তগুলো একসঙ্গে ধরলে খুলনা বিভাগের মাত্র ১৮ দশমিক ২ শতাংশ মানুষ নিরাপদ ব্যবস্থাপনার খাওয়ার পানির আওতায়।
খুলনার কয়রা, দাকোপ ও পাইকগাছা এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের ৩৯টি ইউনিয়ন নিয়ে আরেকটি গবেষণা হয়েছে। ইউটিলিটিজ পলিসি সাময়িকীতে ২০২৬ সালে প্রকাশিত গবেষণাটির জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৬৬ হাজার ২৩৪টি পরিবারের তথ্য নেওয়া হয়। গবেষণায় দেখা যায়, ৫ উপজেলায় বছরে গড়ে ৪ দশমিক ৬৫ মাস নির্ভরযোগ্য পানি পাওয়া যায় না। পাইকগাছায় এই সময়টি ৭ দশমিক ১৫ মাস, কয়রায় ২ দশমিক ৮৪ মাস। পরিবারে মাত্র ১৬ শতাংশের নিজস্ব খাওয়ার পানির উৎস আছে। প্রায় ৮০ শতাংশ পরিবারে পানি আনার দায়িত্ব নারী ও কিশোরীদের। নিম্নআয়ের পরিবারগুলোকে মাসিক আয়ের সর্বোচ্চ ৪ শতাংশ খাওয়ার পানির পেছনে ব্যয় করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রভাষক তাসনিম চৌধুরী ফাহিম বলেন, পানির মান খারাপ। এক ঘড়া পানি আনতে উপকূলের নারীদের কমপক্ষে দেড় ঘণ্টা সময় ব্যয় হয়। পাঁচ বছর ধরে কাজ করছেন, পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছেন না।
দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে করা নতুন একটি গবেষণায় দেখা গেছে, সংগ্রহ ও সংরক্ষণ ঠিক না হলে বৃষ্টির পানিও ঝুঁকিমুক্ত নয়। এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি সাময়িকীর অনলাইনে গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত গবেষণায় ১১৬টি পরিবারের ওপর জরিপ করা হয়। সব ধরনের সংরক্ষণব্যবস্থায় মলজাতীয় কলিফর্ম ও মোট কলিফর্ম গ্রহণযোগ্য সীমার ওপরে ছিল। সিসা পাওয়া গেছে প্রতি লিটারে শূন্য দশমিক শূন্য ৩ থেকে শূন্য দশমিক ৩৩ মিলিগ্রাম। গবেষকেরা বলছেন, ছাদে ব্যবহৃত সিসাযুক্ত রং, পুরোনো পাইপ, পানি সংগ্রহ বা সংরক্ষণব্যবস্থার উপকরণ ভূমিকা রাখতে পারে। জীবাণু ঢোকার সম্ভাব্য পথ হিসেবে ছাদের ধুলা, পাখি বা প্রাণীর মল, বৃষ্টির প্রথম প্রবাহ সরানোর ব্যবস্থা না থাকা এবং ট্যাংক যথাযথভাবে পরিষ্কার না করার কথা বলা হয়েছে। জরিপে ৫৯ শতাংশ পরিবার জানিয়েছে, পান করার আগে তারা পানি পরিশোধন করে না। পানি পরিশোধন না করা পরিবারে ডায়রিয়ার আশঙ্কা ২ দশমিক ৪১ গুণ এবং পেটের অন্য সমস্যার আশঙ্কা ২ দশমিক ১৮ গুণ পাওয়া গেছে।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুদীপ বালা বলেন, মার্চ থেকে মে মাসে হাসপাতালে পানিবাহিত রোগী তুলনামূলক বেশি আসে। তাঁর চিকিৎসা-অভিজ্ঞতায় নারীদের সাদা স্রাবের অভিযোগও নিয়মিত পাওয়া যায়, যার সঙ্গে লবণাক্ত পানির দীর্ঘ সংস্পর্শের সম্পর্ক থাকতে পারে। আইসিডিডিআরবি ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের যৌথ গবেষণার প্রাথমিক ফলাফলে উপকূলের দুই উপজেলায় হৃদ্রোগের ঝুঁকির চিত্রও উঠে এসেছে। খুলনার কয়রা ও সাতক্ষীরার আশাশুনির ৪০ বছর বা তার বেশি বয়সী ১৫ হাজার ৪৭১ জনের ঝুঁকি মূল্যায়ন করা হয়। তাঁদের ২১ দশমিক ৬ শতাংশের আগামী ১০ বছরে হৃদ্রোগ বা স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্তত ১০ শতাংশ। আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী আলিয়া নাহিদ বলেন, খাওয়ার পানিতে লবণাক্ততা এবং একই জনগোষ্ঠীর মধ্যে হৃদ্রোগের ঝুঁকির উচ্চ হার—দুটি বিষয়ই গবেষণায় উঠে এসেছে। তবে এই প্রাথমিক ফলাফল লবণাক্ত পানিকে সরাসরি হৃদ্রোগের কারণ হিসেবে প্রমাণ করে না। পানির সোডিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদান দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যে কী প্রভাব ফেলে, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
গবেষকেরা ৬৬৬টি কমিউনিটি নলকূপ ও ২২৪টি পুকুরের পানির লবণাক্ততাও পরীক্ষা করেন।নলকূপের পানিতে গড় মোট টিডিএস (দ্রবীভূত কঠিন পদার্থ) ছিল প্রতি লিটারে ১ হাজার ৭৩৩ মিলিগ্রাম; পুকুরে ছিল ১ হাজার ৩৩০ মিলিগ্রাম।
নমুনা নেওয়া হয়েছিল ২০২৪ সালের নভেম্বর, পানি দুই থেকে তিন মাস সংরক্ষণের পর।.পানির মান তো খারাপই।

