কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চারজনই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে এবং এরপর মামলাটির বিচার দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত, এমনকি ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে পাওয়া গেছে এবং উদ্ধারকৃত আলামতগুলোর ফরেনসিক বিশ্লেষণ চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বয়স যাচাই-বাছাই করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে। তাদের আচরণ অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। অপ্রতিমের সঙ্গে গ্রেপ্তারকৃতদের পরিচয় ও বন্ধুত্ব ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার কথা স্বীকার করেছে এবং তাদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রয়োজনীয় কার্যক্রম চলছে। অপ্রতিমের ময়নাতদন্ত ও দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয়। শনিবার দুপুরে লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রবিবার তাকে বাড়ির পাশের গন্ধমতি কবরস্থানে দাফন করা হয়েছে।

