কারফিউ দিয়ে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়া’ নিয়ে আনিসুল-সালমানের ফোনালাপ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় কারফিউ জারির প্রেক্ষাপটে তৎকালীন সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের কথোপকথন সম্বলিত একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। সোমবার ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এই ফোনালাপের লিখিত সংস্করণ উপস্থাপন করেন। ওবায়দুল কাদেরসহ সাতজন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার চতুর্থ দিনের যুক্তিতর্কে এই তথ্য উঠে আসে।

১ মিনিট ৩৭ সেকেন্ডের সেই ফোনালাপে আনিসুল হককে বলতে শোনা যায়, ‘এখন কথা হচ্ছে যে, টু স্কুল অব থটস। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে ওদেরকে শেষ করে দেওয়া।’ কথোপকথনের এক পর্যায়ে আনিসুল হক আরও বলেন, ‘ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় এগুলো টেলিফোনে আর বলা উচিত না। আরেকটা হচ্ছে ইউ নো গো ফর দ্য রিয়েল হার্ম।’ এর জবাবে সালমান এফ রহমান বলেন, ‘নো, দ্য ফার্স্ট অপশন ইজ ওয়ার্কিং, দ্যাটস হোয়াট ইউ শুড ডু।’ পরবর্তীতে আনিসুল হক জানান, তার সহকর্মী কামাল উত্তরপাড়ার লোকজনকে সম্পৃক্ত করার কথা বলেছেন, যার উত্তরে সালমান এফ রহমান বিষয়টি বুঝতে পেরেছেন বলে জানান।

আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের মোবাইল কথোপকথনের লিখিত সংস্করণও উপস্থাপন করে। ২১ জুলাইয়ের সেই ফোনালাপে ওবায়দুল কাদের কারফিউ চলমান রাখার নির্দেশনা দেন। মির্জা আজম এ সময় কারফিউ চলাকালীন প্রস্তুতির জন্য অর্থের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং জানান যে, জ্বালানি তেলসহ অন্যান্য রসদ প্রায় শেষ হয়ে এসেছে।

মির্জা আজম অভিযোগ করেন যে, ওয়ার্ড পর্যায়ে লোক রাখতে টাকার প্রয়োজন হলেও এমপিরা কোনো খরচ করছেন না। তিনি বলেন, ‘ফেরদৌস, আরাফাত এগুলা এলাকায় টাকা দিবো তো দূরের কথা, তারা কারও টেলিফোনও ধরে না।’ এ সময় ওবায়দুল কাদের আরাফাতকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। কথোপকথনে আরও উল্লেখ করা হয় যে, হানিফকে আরাফাতের এলাকা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে এবং টাকা-পয়সার প্রয়োজন হলে তাকেই খরচ করতে বলা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আলী আরাফাত, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ। মামলার সকল আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।