রাজধানীর এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেসের ওপর গত ২৬ দিনের ব্যবধানে অন্তত ২০ বার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ধারাবাহিক আক্রমণের নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের নাম উঠে এসেছে। গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান গুদামে হামলার ঘটনায় করা মামলার তদন্তে ইমনসহ মোট ৪৩ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কেউ জিজ্ঞাসাবাদে ইমনের নাম সরাসরি স্বীকার করেননি।
রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ারটির তিনটি কাভার্ড ভ্যানে এবং রাতে একটি গুদামে নতুন করে হামলা চালানো হয়। দুপুর দেড়টার দিকে হাজারীবাগের প্রধান গুদাম থেকে গাড়ি তিনটি যাত্রাবাড়ী, গাজীপুর ও কেরানীগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল। মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড় সংলগ্ন বোড়ঘাট প্রথম সড়কে পৌঁছালে অন্তত ২০ জন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে গাড়িগুলো ভাঙচুর করে এবং চালক ও সহকারীদের মারধর করে। হামলার সময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে, ‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না।’ কুরিয়ার কর্তৃপক্ষের দাবি, এই ‘ভাই’ বলতে শীর্ষ সন্ত্রাসী ইমনকেই বোঝানো হয়েছে।
একই দিন রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুরে প্রতিষ্ঠানটির আরেকটি গুদামে প্রায় ৫০ জন হামলাকারী চড়াও হয়। তারা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পার্কিংয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় গ্রাহকদের মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। এ জে আর কুরিয়ারের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী জানান, মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার না করায় কুরিয়ার কর্মী ও চালকেরা মারাত্মক আতঙ্কের মধ্যে কাজ করছেন।
ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এর আগে গত বৃহস্পতিবারও দক্ষিণ যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ কার্যালয়ের সামনে ও অন্য একটি স্থানে একদিনেই তিনটি গাড়িতে হামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবরের প্রধান গুদামে হামলার ঘটনায় হাজারীবাগ থানার মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নাম উঠে আসা ৪৩ জনের তালিকায় রয়েছে নাফিজ কামাল ওরফে সানি, আলিফ হোসেন লাবিব, স্বপন মুন্সী, মো. মুন্না, মাহিদুল ইসলাম, মো. মাসুম হোসেন, রজিন, আপন ওরফে হোন্ডা আপন, ডায়মন্ড ওরফে আল আমিন, বেনকিউ হৃদয়, ফোকলা হৃদয়, বোচা সুমন, ডন সাগর ও লাদেনসহ অনেকে। পুলিশ জানায়, এই ব্যক্তিরা ইমনের অনুসারী হয়ে মাঠে অপরাধকর্ম পরিচালনা করছেন।
অন্য দিকে গত ৫ নভেম্বর মোহাম্মদপুরে মালামালবোঝাই কুরিয়ারের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবির তেজগাঁও বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ রানা এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবু। গ্রেপ্তার অপর সাতজন হলেন কামরুল হাসান আলমাস, মো. মমিন, নুরুজ্জামান, ইমরান মিয়া, সোহেল শেখ ওরফে হৃদয় ওরফে তাজ, ওবায়দুল্লাহ ওরফে শাহীন এবং আজহারুল ইসলাম জাকির।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৫ নভেম্বরের হামলায় জড়িত থাকার কথা মানলেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি এবং হামলার নেপথ্য কারণ নিয়ে স্পষ্ট কিছু জানাননি। কুরিয়ার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২৬ দিনে এসব হামলায় অন্তত ছয়জন কর্মী আহত হয়েছেন এবং অগ্নিকাণ্ডে গ্রাহকদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৭টি মামলা, ৬টি জিডি ও ৬টি লিখিত অভিযোগ করা হলেও মোট গ্রেপ্তার ২১ জনের বাইরে মূল নির্দেশদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।

