বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শহরটির বায়ুমান সূচকে (একিউআই) স্কোর ৪৫৮। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ঢাকার বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
তালিকায় বায়ুদূষণের শীর্ষে থাকা লাহোরের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৪৪। এছাড়া তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, যেখানে বায়ুমান সূচকের স্কোর ২৩৫।
উল্লেখ্য, আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

