ব্রাহ্মণপাড়ার এসিল্যান্ড তারেক রহমানকে আবারো বদলির আদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানকে পুনরায় বদলির আদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, আগের বদলি আদেশের দুই সপ্তাহ পার হয়ে গেলেও তিনি তার কর্মস্থল থেকে অবমুক্ত না হওয়ায় কর্তৃপক্ষ নতুন করে এই আদেশ প্রদান করেছে।

প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট ব্রাহ্মণপাড়ার সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানকে ঢাকা জেলায় বদলির আদেশ দেওয়া হয়। এর আগে গত ৩০ জুলাই চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মোস্তফা মুন্নার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় বদলি করা হয়েছিল। তবে সেই আদেশের পরও তিনি ব্রাহ্মণপাড়ার কর্মস্থলে দায়িত্ব পালন অব্যাহত রেখেছিলেন।

তারেক রহমানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা গত প্রায় এক বছর ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আসছেন। বিশেষ করে উপজেলা এলাকায় ড্রেজার মেশিনের ব্যবহার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। এছাড়া স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসে ঘুষ-বাণিজ্য এবং ড্রেজার-সংক্রান্ত অনিয়মের সঙ্গে তিনি জড়িত ছিলেন। নতুন এই বদলির আদেশের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

বদলির বিষয়টি নিয়ে মন্তব্য জানতে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তারেক রহমান ২০২৫ সালের ২৫ আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন। বদলির আদেশের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম দৈনিক আমার দেশ-কে জানান, তিনি বদলির আদেশ পেয়েছেন।