দেশের আটটি বিভাগীয় শহরের ক্যান্সার হাসপাতালগুলোতে আগামী অর্থবছরের মধ্যেই পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে লিখিত উত্তরটি উপস্থাপন করেন প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি জানান, নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট এই বিভাগীয় হাসপাতালগুলোতে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের সমন্বিত এবং পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এক ছাদের নিচেই দেওয়া হবে।
এই হাসপাতালগুলো চালু হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

