বড়াইগ্রামে জুয়েলারি দোকানে পুলিশের স্টিকার, বন্ধকী লেনদেনে নিষেধাজ্ঞা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জুয়েলারি ব্যবসায়ীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পুলিশের উদ্যোগে উপজেলার লক্ষীকোল বাজারের বিভিন্ন জুয়েলারি দোকানে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে দোকানগুলোতে লাগানো স্টিকারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন করা আইনবহির্ভূত কাজ। ব্যবসায়ীদের এ ধরনের বেআইনি লেনদেন থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে আহ্বান জানানো হয়েছে।

স্টিকার লাগানোর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। তিনি ব্যবসায়ীদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ দেন এবং অবৈধ আর্থিক লেনদেন থেকে দূরে থাকার নির্দেশনা প্রদান করেন।